ডিএমপির অভিযানে উত্তরা ও তুরাগ থানা এলাকায় ৩০ জন গ্রেপ্তার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুও রয়েছে।

অপরদিকে তুরাগ থানা পুলিশ একই সময়ে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যেও নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।