ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন রেকার উদ্বোধন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মহাসড়কে দুর্ঘটনাকবলিত বা বিকল গাড়ি দ্রুত সরিয়ে যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি নতুন রেকার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় এই রেকারটি উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ যানজটে ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াত করা যাত্রীদের অনেকক্ষণ আটকে পড়ত যার ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এ যানজটের প্রধান কারণ ছিল ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ি এক্সিডেন্ট হলে বা গাড়ি নষ্ট হলে গাড়িটি রাস্তা থেকে রিমুভ করার বা সরানোর কোন ব্যবস্থা ছিলনা।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া অংশে কোন রেকার ছিলনা। আমরা হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ২০ টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার খাঁটিহাতা হাইওয়ে থানায় পেয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যবহার করার জন্য এটি উদ্বোধন করলাম। সকলের সহযোগিতা কামনা করছি। আশাকরি এ রেকার ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে আমরা আরো কার্যকর ভুমিকা পালন করতে পারব।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঢাকা ও সিলেটবাসী দুর্ভোগের স্বীকার হতো। যানজটের মূল কারণ ছিল এই মহাসড়কে কোন গাড়ি বিকল হলে তা সরানোর ব্যবস্থা ছিলনা। আমাদের সিলেট রিজিওনের পুলিশ সুপার মহোদয়ের চেষ্টার ফলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা একটি নতুন রেকার পেয়েছি। রেকার পাওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আমরা আরো ভাল সেবা দিতে পারব। আশাকরি মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের এসআই আমিনুজ্জামান, সার্জেন্ট মিনার খন্দকারসহ অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মো. রিমন খান/এমই
