তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় মন্ত্রীবিহীন তিন যুগের অবসান হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এ আসন থেকে তৃতীয়বারের মতো বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে বিপুলভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জহির উদ্দিন স্বপন শপথ গ্রহণ করার পর বরিশাল-১ আসনের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন এম জহির উদ্দিন স্বপন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

জানা গেছে, ১৯৭২ সালে তৎকালীণ বাকেরগঞ্জ-১৩ আসনের (বর্তমান বরিশাল-১) আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রব সেরনিয়াবাত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাকেরগঞ্জ-১ (বর্তমান বরিশাল-১) আসনে এরশাদ সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সুনীল গুপ্ত। এরপর এ আসনের কোন সংসদ সদস্য মন্ত্রীসভার তালিকায় স্থান পাননি।

যদিও ১৯৯৬ সালে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে চীফ হুইপ করা হয়েছিলো এবং ২০১৮ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন, যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার।

তবে ১৯৯১ সালের নির্বাচনের পর থেকে বরিশাল-১ আসনে কোন সংসদ সদস্যকে দপ্তরপূর্ন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পদে রাখা হয়নি। যে কারনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী তিনবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পূর্ন মন্ত্রী পদ দেওয়ার দাবি করেছিলেন দুই উপজেলার বাসিন্দারা। অবশেষে বরিশাল-১ আসনের সর্বস্তরের মানুষের সেই দাবি পূরণ হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জহির উদ্দিন স্বপন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ।

তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির মিডিয়া সেলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এরআগেও তিনি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তার মতো একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীত্বের দায়িত্ব দেয়ায় আমরা বরিশাল-১ আসনের বাসিন্দারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আমার বার্তা/এমই