পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৯:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না, বরং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে ইকো-ট্যুরিজম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা খাত। অবকাঠামো উন্নয়ন প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে। তিনি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সমন্বয়হীনতা কাজের গতি কমিয়ে দেয়। তাই প্রতিটি উন্নয়ন কার্যক্রমে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।
উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয়ের সুযোগ আর থাকবে না। প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে।
সভায় কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের দুর্গমতা তুলে ধরে বলেন, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রম ব্যয় বেশি হওয়ায় টেন্ডার সিডিউল রেট পুনর্বিবেচনা প্রয়োজন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
