পাবনায় র্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কাচারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) এর একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে ফারহানা খন্দকার (৪৫) নামের এক নারীকে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিনারিজসহ একটি টুলবক্স উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। উদ্ধারকৃত সরঞ্জামগুলো অবৈধভাবে সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র-সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
