কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, কসবার অনলাইন সংবাদমাধ্যম “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর প্রতিবেদক দ্বীন ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নানা অনিয়ম, বিশেষ করে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। তার এই সাহসী অবস্থানের কারণেই পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, হত্যার আগে দ্বীন ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং মরদেহ মুরাদনগরের একটি খালে ফেলে রাখা হয়। এ ঘটনাকে সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিতরা।
মানববন্ধনে আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লা আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লা আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমাদ্দার, সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি এবং সঞ্জয় শীলসহ আরও অনেকে বক্তব্য দেন।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে তারা সাংবাদিক দ্বীন ইসলামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
