পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশ বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে আরামবাগে মোহাম্মদ সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আরামবাগে মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে শুক্রবার বিকেলে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
