মিয়ানমারে পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮ জন
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৪:১৯ | অনলাইন সংস্করণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৮ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার বার্তা/মো. আলমগীর আজিজ/এমই
