চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৭:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তাররা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।
রোববার (২৬ জুলাই) রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে এবং সাইদুল ইসলাম হাটহাজারী থানার আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানার একটি দল নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে আসিফের পরিহিত প্যান্টের কোমর থেকে ডলফিনের লোগো ও মেইড ইন ইতালি খোদাই করা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া সাইদুল ইসলামের পকেট থেকে পত্রিকার কাগজে মোড়ানো আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার অস্ত্র ও গুলি বহনের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন এবং সরকারি কর্মচারীকে আঘাত ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে সাইদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে দুটি চাঁদাবাজির মামলা।
আমার বার্তা/এমই
