কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অপহরণের প্রায় এক মাস পর অবশেষে মায়ের কোলে ফিরেছে কক্সবাজারের উখিয়ার থাইংখালী থেকে অপহৃত হওয়া দুই শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

​পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদরাসার সামনে থেকে স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নিখোঁজ হয়।  শিশু দুটি থাইংখালীর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। 

পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদকে। এর মধ্যেই দুর্বৃত্তরা পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশুদের ছেড়ে দেওয়ার কথা থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আবার পালিয়ে যায়।

​এসআই আব্দুল আজাদ বলেন, পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় কলাতলী এলাকা থেকে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের কারণে অপহরণকারীরা ভয়ে শিশুদের ক্ষতি করতে সাহস পায়নি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

​এদিকে সন্তান দুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তাদের বাবা-মা। বাব শাহ আলম বলেন, ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাবো। পুলিশ প্রশাসনের প্রতি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।