আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, বুলেট ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।
অভিযানে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা একটি শ্যুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, অভিযানে শ্যুটারগান, বুলেট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য উদ্ধার করা সব আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
