গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৩:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, নিলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায়। পরে গ্রামের রাস্তায় অজ্ঞাত দুইজনকে ধরে গ্রামের লোকজন গনপিটুনী দেয়। এ সময় একজন মারা যান। আরেকজন আহত হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।