
গাজীপুরে শ্রমিক আন্দোলন থামছেই না। গত প্রায় দুই সাপ্তাহ ধরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিনই কাজে যোগ দিতে গিয়ে কারখানা থেকে বের হয়ে আসতে হচ্ছে শ্রমিকদের। এ নিয়ে শ্রমিকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ বলছে একটি নির্দিষ্ট এলাকায় গত কিছু দিন ধরে বিশৃংখলা সৃষ্টি করা হচ্ছে। শ্রমিকদের আন্দোলনের পিছনে একটি চক্র ইন্দন ও উষ্কানী দিচ্ছে। নেপথ্যে থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উষ্কানীদাতারা। এদেরকে চিহ্নি করা হয়েছে। শিগিরই তাদের আইনের আওতায় আনা হবে। শ্রমিক অসন্তোষের কারণে ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ৩০টিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহকারে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ, যানবাহন ভাংচুর ও পুলিশের গাড়িতে ও পুলিশ বক্সে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে।
সকাল থেকে শ্রমিকরা ফের আন্দোলনে নামে। তারা মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজার ও মহানগরীর বাংলাবাজার এলাকাতেও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। দুপুরের দিকে ওই এলাকায় শ্রমিকরাও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ভোগড়া বাসন সড়ক এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে। এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসরে ছুঁড়ে। আর শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বাসন সড়ক ও কলম্বিয়া এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে পরিত্যাক্ত টায়ার ও আবর্জনা এনে তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।
এদিকে পরিস্থিতি বিবেচনায় শ্রমিক অসন্তোষের কারণে মহনগরীর ৩০টি পোশাক তৈরি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বুধবার ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
এদিকে কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সাদা রংয়ের জিপ গাড়িতে আগুন দেয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের জিপ গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডাণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যায়। গাজীপুর চৌরাস্তা মর্ডাণ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ রাজীব হোসেন জানান, গাড়ি আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে তিনি জানান।
এছাড়া সকাল ১১টার দিকে মহানগরীর সাইনবোর্ড এলাকায় ফ্লাইওভারের নীচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পুলিশ বক্সে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (লজেষ্টিক) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শ্রমিকরা। পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি গাড়ি থেকে নামার পর দেখতে পান আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ছে। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ তার গাড়িটি পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি। তিনি বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল।

