
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেট তল্লাশি করে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার
পাশাপাশি মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

