
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে হবিগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে তরুণের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি। তিনি তরুণদের ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা, দক্ষতা অর্জন, কর্মসংস্থানের বিকল্প পথ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি তরুণদের জন্য ক্যারিয়ার গঠনে পাঁচ ধাপের একটি বাস্তবসম্মত রোডম্যাপ উপস্থাপন করেন। এতে নিজের যোগ্যতা ও শ্রমবাজারের চাহিদা সম্পর্কে ধারণা নেওয়া, প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ অর্জন, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ তৈরি, প্রথম গ্রাহক ও আয়ের পথ সৃষ্টি এবং সঞ্চয়, সম্পদ গঠন, বিনিয়োগ ও দানের মাধ্যমে দায়িত্বশীল জীবন গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধান আলোচক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু সার্টিফিকেট অর্জন কিংবা চাকরির অপেক্ষায় বসে থাকাই যথেষ্ট নয়; বরং বাস্তব দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা ও কর্মস্পৃহা অর্জন করতে হবে। তরুণদের নিজেদের আগ্রহ, সামর্থ্য ও বাজারের চাহিদা বিবেচনায় পেশা নির্বাচন করে ছোট পরিসরে হলেও কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রম, দক্ষতা, সততা, সঠিক ব্যবসা ও সময়ের সদ্ব্যবহার অর্থনৈতিক জীবনের মৌলিক ভিত্তি। সুদ, জুয়া, প্রতারণা, মিথ্যা বিজ্ঞাপন ও অসৎ উপার্জনের পথ পরিহার করে ইসলামী মূল্যবোধের আলোকে কর্মজীবন গড়ে তুলতে হবে।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. ছারওয়ার রহমান চৌধুরী, ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া ও হাফেজ মাওলানা আবু তাহের।
আলোচকরা বলেন, পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব দক্ষতা, সৃজনশীলতা, কর্মস্পৃহা, সততা ও দায়িত্ববোধ অর্জন জরুরি। তরুণ প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে নিজেদের কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, তরুণদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থানের বিকল্প পথ সম্পর্কে ধারণা দেওয়া এবং হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গঠনে উৎসাহিত করতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

