বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে নতুন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান দু’টি দেশের পাঁচটি নির্বাচিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ বেশ কিছু অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম গ্রহণ করবে।

বৃহস্পতিবার (০৪ জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশ-এর দুই সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রোগ্রাম এনালিস্ট শ্রবণা দত্ত এবং তোসিবা কাশেম। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত “বাংলাদেশের জনপরিসর, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন” প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি বছরের জুন মাসের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে ইউজিসি ও ইউএন উইমেন বাংলাদেশ-এর মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য একটি কার্যকরী ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। একই সঙ্গে কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনার জন্য ত্রৈমাসিক সভা আয়োজন করা হবে।

সভায় ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রকল্পের সামগ্রিক বেসলাইন স্টাডি পরিচালনার দায়িত্ব ইউএন উইমেন গ্রহণ করবে। এ লক্ষ্যে একটি গবেষণা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। জুলাই-আগস্ট ২০২৬ সময়ের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ার পর বেসলাইন তথ্য যাচাই ও চূড়ান্তকরণের কাজ করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়সমূহ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের নির্দেশনা অথবা প্রাসঙ্গিক নতুন আইন বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন টুল উন্নয়ন এবং জেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষা খাতের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি নারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে ইউএন উইমেন বাংলাদেশ-এর উদ্যোগকে তিনি সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও অর্থবহভাবে বাস্তবায়ন করতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।


আমার বার্তা/এমই