ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইরানকে পুনরায় কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তেহরানের হাতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য আর মাত্র ১০ দিনের মতো সময় আছে; অন্যথায় তাদের আরও সামরিক হামলার সম্মুখীন হতে হবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানজুড়ে চালানো ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা গাজায় ‘যুদ্ধবিরতি’র পথ প্রশস্ত করেছিল। তিনি যুক্তি দেন যে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা না হলে ইরানের ‘হুমকি’র কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো শান্তিতে রাজি হতো না।
ট্রাম্প বলেন, “এখন আমাদের হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, অথবা নাও হতে পারে। সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাব। আগামী ১০ দিনের মধ্যেই আপনারা তা জানতে পারবেন।”
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ করেছে। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন যে, জেনেভায় দুই পক্ষের আলোচনায় ‘ভালো অগ্রগতি’ হয়েছে এবং একটি চুক্তির জন্য প্রয়োজনীয় ‘নির্দেশনামূলক নীতি’র বিষয়ে তারা একমত হয়েছেন।
তবে কূটনীতি চললেও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে বর্তমানে দুটি বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
চুক্তির শর্ত নিয়ে টানাপোড়েন
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দাবি অস্বীকার করে বলেছে যে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে রাজি। কিন্তু ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরোধী। এছাড়া ওয়াশিংটন তেহরানের মিসাইল কর্মসূচির ওপরও বিধিনিষেধ চাইছে, যা ইরান তাদের ‘অপরিবর্তনীয় প্রতিরক্ষা নীতি’ হিসেবে উল্লেখ করে নাকচ করে দিয়েছে।
আজ ট্রাম্প জানান, তার কূটনৈতিক সহযোগী স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে ‘খুব ভালো বৈঠক’ করেছেন। তিনি সতর্ক করে বলেন, “আমাদের একটি অর্থবহ চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হবে।”
ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে আরও বলেন, “এখনই ইরানের আমাদের সঙ্গে একই পথে আসার সময়। তারা যদি আমাদের সঙ্গে যোগ দেয়, তবে সেটা ভালোই হবে। আর যদি না দেয়, সেটাও ভালো হবে কিন্তু তখন রাস্তাটা হবে সম্পূর্ণ ভিন্ন।’’ সূত্র: আল জাজিরা
আমার বার্তা/এমই
