জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধস, নিহত ৭ জন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। এ সময়েই ঘটে আহত ও নিহতের ঘটনা।
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং- সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোজিলা পাসে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্টে গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানিয়েছেন জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। আরও বলেছেন, নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ধসগুলো ঘটেছে জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ এলাকার মধ্যে এবং এর জেরে বিপুল পরিমাণ তুষার ও পাথর জমা হয়েছে মহাসড়কের এই অংশে। এই পাথর আর তুষার সরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের।
জিতেন্দ্র সিংয়ের এক্সবার্তায় বলা হয়েছে, নিহত এবং আহতের সবাইকে উদ্ধার করা করা হয়েছে এবং আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। - সূত্র : পিটিআই
