
পর্যাপ্ত প্রোটিন গ্রহণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলের গঠন প্রায় পুরোটাই কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। তাই পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের গোড়া ও গঠন মজবুত থাকে। অন্যদিকে, খাবারে প্রোটিনের ঘাটতি হলে চুলের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চুল মজবুত রাখে প্রোটিন
চুলের বেশির ভাগ অংশ কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি, যা চুল, নখ ও ত্বক মজবুত রাখে।
শুধু চুলের অবস্থা দেখে শরীরে প্রোটিনের ঘাটতি নিশ্চিত হওয়া যায় না। তবে চুলের স্থিতিস্থাপকতা, স্বাভাবিক বৃদ্ধি, মসৃণতা ও আর্দ্রতা এর স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয়। সাধারণত দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক।
প্রোটিনের ঘাটতি চুলের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রোটিনসমৃদ্ধ খাবার থেকে পাওয়া অ্যামিনো অ্যাসিড কেরাটিন তৈরিতে সাহায্য করে। এ ছাড়া এসব খাবার থেকে পাওয়া বায়োটিন, ভিটামিন এ ও জিঙ্ক চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে।
পর্যাপ্ত প্রোটিন না খেলে চুলে যা হতে পারে
খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকলে চুল ভঙ্গুর ও শুষ্ক হয়ে যেতে পারে। এ ছাড়া চুল পড়া, সহজে ভেঙে যাওয়া এবং বৃদ্ধি ধীর হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
তবে এসব লক্ষণ মানেই প্রোটিনের ঘাটতি নয়। অ্যালোপেশিয়া এরিয়াটা, ডায়াবেটিস, লুপাস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মানসিক চাপ, হঠাৎ ওজন কমে যাওয়া এবং থাইরয়েডের সমস্যার কারণেও চুলের এমন অবস্থা হতে পারে।
সুস্থ চুলের জন্য কতটুকু প্রোটিন প্রয়োজন?
বয়স, শারীরিক পরিশ্রমের মাত্রা এবং গর্ভাবস্থার মতো বিভিন্ন বিষয়ের ওপর দৈনিক প্রোটিনের চাহিদা নির্ভর করে।
সাধারণভাবে, প্রতিদিনের মোট ক্যালরির ১০ থেকে ৩৫ শতাংশ প্রোটিন থেকে আসা উচিত। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি কেজি শরীরের ওজনের বিপরীতে দৈনিক ০ দশমিক ৮ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
যেমন, কারও ওজন ৭০ কেজি হলে তার প্রতিদিন প্রায় ৫৬ গ্রাম প্রোটিন প্রয়োজন। তবে শারীরিক পরিশ্রমের মাত্রাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিলে এই চাহিদা পরিবর্তিত হতে পারে।
প্রোটিনের ভালো উৎস হলো গরু ও মুরগির মাংস, ডিম, মাছ, সামুদ্রিক খাবার, মসুর ডাল, দুধ, বাদাম ও টফু।
চুল দ্রুত বড় করার জন্য অতিরিক্ত প্রোটিন খাওয়া জরুরি নয়। বরং শরীরের সামগ্রিক চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। পর্যাপ্ত প্রোটিন খাওয়ার পরও চুলের স্বাস্থ্যের উন্নতি না হলে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
সূত্র: ভেরিওয়েল হেলথ

