জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিদেশি দূতরা সংসদ অধিবেশনে যোগ দেন।

ঢাকার কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সংসদ অধিবেশনে যোগ দেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। অস্ট্রেলিয়া এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

ঢাকার ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডেরিক ইনজা বলেন, বাংলাদেশের ১৩তম সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানের প্রতি দেশের স্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। আমরা নবনির্বাচিত সংসদের বাংলাদেশের জনগণের সেবা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি ফলপ্রসূ এবং সফল যাত্রা কামনা করি।

ঢাকার কানাডীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, ঢাকায় নিযুক্ত কানাডার  হাই কমিশনার অজিত সিং  সংসদের  উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ঐতিহাসিক অধিবেশন উদ্বোধন প্রত্যক্ষ করতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।

এ ছাড়া, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কর স্টুটেন প্রমুখ যোগ দেন।


আমার বার্তা/এমই