সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পাহাড় ও সমতলের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ঈদ-পরবর্তী পুনর্মিলনী’ আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, "বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের অন্যান্য অঞ্চল থেকে কিছুটা ভিন্ন ও স্পর্শকাতর।" আগামী ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠাতব্য বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব নিয়ে তিনি বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, এবারের উৎসবের নামকরণে কেবল ‘বৈসাবি’ শব্দটি ব্যবহার না করে পাহাড়ের সব সম্প্রদায়ের নিজস্ব আত্মপরিচয় ফুটিয়ে তোলা হবে। এবার থেকে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ সব সম্প্রদায়ের বৃহত্তর সামাজিক উৎসবগুলো পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের বেকারত্ব দূরীকরণ, সরকারি নিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং শূন্যপদগুলো যথাযথভাবে পূরণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে আজকের ঐতিহাসিক দিনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী 'অপারেশন সার্চলাইট'-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি সেই শোকাবহ দিবসটি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।"

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই