এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা জরুরি: মন্ত্রী
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে এলজিইডির সংক্ষিপ্ত ইতিহাস এবং চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দেন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে এর আওতাধীন এলাকার পরিসর বাড়ানো প্রয়োজন। তিনি বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রকল্পের পরিবর্তে বৃহৎ পরিসরের সমন্বিত প্রকল্প গ্রহণের আহ্বান জানান, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হয়।
সভাপতির বক্তব্যে সচিব মো. শহীদুল হাসান বলেন, এলজিইডির প্রকল্পসমূহের কাজের গুণগত মান বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
আমার বার্তা/এমই
