ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ঢাকায় দায়ের হওয়া ছয়টি মামলার যেকোনো একটিতে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, বর্তমানে শিরীন শারমিন ডিবি হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বনানী ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ ১৭ জনকে আসামি করা হয়। মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

রাজনৈতিক প্রেক্ষাপটে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে পরদিন জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এতে শিরীন শারমিন তার সংসদ সদস্য পদ হারান।

পরবর্তীতে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালে পুনরায় এ পদে দায়িত্ব পালন শুরু করেন।


আমার বার্তা/এমই