আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

একদিনের সরকারি সফরে সিলেটে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টির মধ্যে ওসমানী বিমানবন্দরে নেমে স্ত্রীকে নিয়ে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সেখান থেকে আরও কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন। এরপর বেলা ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শনিবার (২ মে) নদী খনন কর্মসূচির আগে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য দেওয়ার সময় নিজ শ্বশুরবাড়ির এলাকার লোকদের সঙ্গে কিছুটা হাস্যরস করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতমসহ নানা স্লোগান দিতে থাকেন।
তখন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে। আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে, ঠিক আছে?
প্রধানমন্ত্রী বলেন, গত ১২ জানুয়ারি মানুষ ভোট দিয়ে এমন একটি সরকার নির্বাচিত করেছে, যারা জনগণের জন্য কাজ করবে। আমাদের একমাত্র জবাবদিহিতা এদেশের জনগণের কাছে। সেজন্য আমরা সেসব কাজ ও কর্মসূচি পালন করতে চাই, যেগুলোতে মানুষের কল্যাণ ও উপকার হবে।
তিনি আরও বলেন, আপনাদের মনে আছে কি না, আমি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম? সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি। এখন অনেকে বলতে পারেন আমাদের এলাকায় তো (সিলেটের লোকজন) পায়নি। ইনশাআল্লাহ, আপনাদের এলাকায় যারা যারা পাওয়ার যোগ্য, সবাই পাবে। আমরা চেষ্টা করব আগামী ৫ বছরের মধ্যে সারাদেশের মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা ও খাল খননের কাজও শুরু করেছি।
শিল্পমন্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি তার সঙ্গে বসেছিলাম; বলেছিলাম বন্ধ কলকারখানার তালিকা করতে এবং কেন বন্ধ হয়েছে তার কারণ খুঁজে বের করতে। আমরা ধীরে ধীরে সব কারখানা চালু করব, যাতে করে বেকারদের কর্মসংস্থান হয়।
আমার বার্তা/এমই
