জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে এই মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, ‘নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না। বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে।’

তিনি বলেন, ‘প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।’

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই