তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ১০০ দিনের মধ্যেই আন্তর্জাতিক বিড রাউন্ড আহ্বানের ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জ্বালানি নিরাপত্তায় বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিডিং রাউন্ড চালু করেছিলেন। সেই সময় স্থলভাগ ও সমুদ্র এলাকার মোট আটটি ব্লকের জন্য বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পিএসসি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র বিবিয়ানা এবং দেশের প্রথম বাণিজ্যিক সমুদ্রগ্যাস ক্ষেত্র সাঙ্গু আবিষ্কৃত হয়।
আরও বলা হয়, এসব চুক্তির আওতায় বর্তমানে শেভরন দৈনিক প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে, যা দেশের মোট দেশীয় গ্যাস উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ। বর্তমান সরকার দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগের ওপরও গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে অফশোর মডেল পিএসসির বিভিন্ন বিধান সংশোধন ও সংযোজন করা হয়েছে।
অফশোর অনুসন্ধানে প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হয় এবং অনুসন্ধানে তেল-গ্যাস না মিললে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে কোনো অর্থ ফেরত দেওয়া হয় না। তাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন পিএসসি চূড়ান্ত করা হয়েছে।
দ্রুত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের ফলে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবে এবং সমুদ্রাঞ্চলে নতুন নতুন তেল-গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
আমার বার্তা/এমই
