দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৮:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা এক কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে ডিআইজি হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ জুন জারি করা একটি পৃথক প্রজ্ঞাপনের ক্রমিক-৬-এ থাকা ডিআইজি (সিআইডি) মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আমার বার্তা/এমই