গুজব-প্রতারণা রোধে এফবিআইর সহযোগিতা চাইলেন আইজিপি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
আইজিপি এফবিআইর সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইর সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
