এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা থাকতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫৫ লাখ দরিদ্র পরিবারকে দেওয়া হবে ১৫ টাকায় চাল
খাদ্যবান্ধব কর্মসূচির আওতা বাড়ানোর কথা জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ৫৫ লাখ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে কেজিপ্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগের তুলনায় এ কর্মসূচির আওতা প্রায় ১০ লাখ পরিবার বাড়ানো হয়েছে।
সামাজিক সুরক্ষা তহবিল বাড়ানো সরকারের অন্যতম বড় অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, সরকার ভবিষ্যতে এ কর্মসূচির আওতা আরও বাড়ানোর চেষ্টা করবে। এ ছাড়া অপুষ্টি দূর করতে দেশের ৩০০ উপজেলায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ ফর্টিফাইড রাইস দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তথ্য কমিশন শিগগির দায়িত্ব নেবে
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, তথ্যপ্রযুক্তির বিস্তারের মধ্যে তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়।
অপতথ্য মোকাবিলায় জনগণের তথ্য পাওয়ার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, কমিশন দায়িত্ব গ্রহণ করার পর জনগণ যেখানে যেখানে তথ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেসব ক্ষেত্রে কাজ করতে পারবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার, প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং অসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াতে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ এরইমধ্যে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ৮০ কর্মসূচি
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, সফরে তিনটি স্পষ্ট কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট আটটি এবং ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা প্রায় ৮০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এসব কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় দেওয়া ভাষণটিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে একটি ভারসাম্য ছিল। সেখানে বিশ্বের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের জন্য সরকারের পরিকল্পনারও প্রতিফলন ছিল।
পরিবেশ ও ‘ওয়ান হেলথ’ কর্মসূচি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সম্মেলনে পরিবেশমন্ত্রী অংশ নিয়েছেন। সেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকার পরিবেশের বিষয়ে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রকল্প বাস্তবায়নে গতি আনার চেষ্টা
পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রকল্প গ্রহণ, অর্থ ছাড় ও প্রকল্পের অগ্রগতি মনিটরিং পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়মিত কাজ। একই সঙ্গে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা যতটা সম্ভব দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রকল্প পাসের প্রক্রিয়াকে দ্রুত করার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ ভালোভাবেই এগোচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে দাবি করে তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগছে। এরপরও পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে বলে সরকার মনে করে।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম হিসেবে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা এবং মৎস্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানার বিষয়টিও প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন তিনি।
