ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

আমার বার্তা অনলাইন
১৬ নভেম্বর ২০২৬, ২০:৩৭
আপডেট  : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৩৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংস দাঙ্গা উসকে দেওয়ার মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) নগরীর পাঁচলাইশ থানায় পুলিশ সুপার জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংস দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন আরআরএফের এএসপি মো. আবুল কাসেম চৌধুরী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাসেল মাহমুদ এই মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন।

রিমান্ড মঞ্জুর শেষে রাসেল মাহমুদ বলেন, পাঁচটি রহস্য উদঘাটনে এসপি মো. জাহাংগীর আলমকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আর এই সময়ে রহস্যগুলো উদঘাটন করার যথাসাধ্য চেষ্টা চালানো হবে।

মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মাহমুদ বলেন, ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। এসপি জাহাংগীর আলমের মুঠোফানের হোয়াটসঅ্যাপে পাঠানো একের পর এক নাশকতামূলক মেসেজ পরিকল্পনার গভীরে পৌঁছাতে পাঁচটি সুনির্দিষ্ট বিষয় খতিয়ে দেখা জরুরি।

প্রথমটি হচ্ছে, অন্তর্ঘাতমূলক এই পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল তা নিবিড়ভাবে বের করা।

দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।

তৃতীয়টি হচ্ছে, আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত বা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করা।

চতুর্থটি হচ্ছে, রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কি না, তা পরিষ্কার করা।

সর্বশেষ পঞ্চম রহস্যটি হচ্ছে, মামলার পারিপার্শ্বিক সমস্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে এসপি জাহাংগীরের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং তার ব্যবহৃত ডেড্রিমার নামক অ্যাপ অ্যাকাউন্ট থেকে জনৈক ব্যক্তির উদ্দেশে সংবেদনশীল বার্তা পাঠানো হয়।

এ বার্তায় লেখা হয়, ডিয়ার স্যার বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর। স্টেই ফাইন স্যার। রিগার্ডস স্যার। এরপর রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো দ্বিতীয় বার্তায় উল্লেখ করা হয়, আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন–মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।

বার্তায় জাহাংগীর আলম আরও লেখেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকলেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।

এজাহারে বলা হয়, পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থি কর্মকাণ্ড সংশ্লিষ্টতার বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া যাচ্ছে। তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রামের গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত (পলাতক) আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের (সাবভার্সিভ কন্সপিরেসি) ব্লু প্রিন্ট তৈরি বা বাস্তবায়নে সহায়তা করেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কানেকশন-এর অভিযোগে ১১ নভেম্বর পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতেও রাখা হয়। পরবর্তীতে অভিযোগের সত্যতা পেয়ে যান তদন্ত সংশ্লিষ্টরা।

এরই প্রেক্ষিতে শনিবার পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের টিম এ অভিযান পরিচালনায় ছিল। গ্রেফতারের পর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন সাপেক্ষে নগরীর পাঁচলাইশ মডেল থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১২৪এ ও ১৫৩ ধারায় রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তার মতো একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন অপরাধমূলক বলয়ে জড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ বাহিনীতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ বাহিনীতে জাহাংগীরের মতো আর কেউ আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিরও চেষ্টা করছিলেন জাহাংগীর।

প্রাথমিকভাবে এ দুটি অভিযোগের সত্যতা পাওয়ায় জাহাংগীরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার রাতে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

ডিসেম্বরে মাঠে নামা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুটি অভিযোগ পেয়েছি। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এ রকম দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।

একটা মেসেজে এ রকম বলা হয়েছিল যে, ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এ রকম একটা মেসেজ এবং ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে; এরকম একটা মেসেজও পেয়েছি।

ডিসেম্বরে মাঠে নামার বিষয়ে ফ্যাসিস্টদের জাহাংগীর আশ্বস্ত করেছিলেন বলে স্বীকার করলেও এর বেশি কিছু জানাতে অপারগ ডিআইজি।

ডিআইজি বলেন, মামলার এজাহারে যা আছে তার বেশি আমি বলতে পারব না। মামলাটি তদন্তাধীন।

নিষিদ্ধ সংগঠনের কার সঙ্গে জাহাংগীরের যোগাযোগ ছিল জানতে চাইলে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আরও কারা ছিল, একই ধরনের কর্মকাণ্ডে আরও কেউ জড়িত কি না তা অবশ্যই তদন্ত করা হবে। মামলার তদন্ত হলেই জড়িতদের বিষয়ে জানা যাবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার জাহাংগীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে।

মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে গত ১০ নভেম্বর জাহাংগীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়। দুটি মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশের এই কর্মকর্তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

তিনি জানান, তার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি ষড়যন্ত্র মনে হচ্ছে। জাহাংগীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে মাসুমা বলেন, আমার স্বামীকে নিয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। তার শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আমার স্বামী একজন কৃষকের সন্তান। নিজের যোগ্যতায় তিনি চাকরিতে যোগ দেন।

জাহাংগীর আলমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কুদ্দারপাড়া এলাকায়। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন দেশের বাজারে পণ্য সরবরাহকারী

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী