
অব্যাহতভাবে টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে নাকাল রাজধানীর মানুষ। ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যাদের প্রতিদিনের আয়েই চলে সংসার, বৃষ্টির কারণে তাদের অনেকেরই বন্ধ হয়ে গেছে রোজগারের পথ। যাত্রী না থাকায় রিকশাচালকরা অলস সময় কাটাচ্ছেন, ক্রেতা না আসায় বিক্রি করতে পারছেন না সবজি বিক্রেতারা। একদিকে বৃষ্টিতে চলাচলের দুর্ভোগ, অন্যদিকে আয় কমে যাওয়ায় সংসার চালানোর দুশ্চিন্তা। সব মিলিয়ে বৃষ্টির দিনটি খেটে খাওয়া মানুষের জন্য হয়ে উঠেছে বাড়তি কষ্টের।
আগেরদিন থেকেই রাজধানীতে টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবারও (২০ নভেম্বর) দিনভর বৃষ্টি হয়।
এদিন বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদাসহ বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম।
বিশেষ করে রিকশাচালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ক্রেতা কিংবা যাত্রীর অপেক্ষায় বসে আছেন। স্বাভাবিক দিনে যে সময়টায় তাদের ব্যস্ত থাকার কথা, বৃষ্টির কারণে সেই সময় কাটছে অপেক্ষায়।
কেউ বৃষ্টি থেকে বাঁচতে দোকানের নিচে আশ্রয় নিয়েছেন, কেউ আবার যাত্রী পাওয়ার আশায় সড়কের পাশে দাঁড়িয়ে আছেন।
যাত্রাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন রিকশাচালক কালাম। বৃষ্টিতে যাত্রী কমে যাওয়ায় তার আয় কমেছে বলে জানান তিনি।
কালাম বলেন, ‘শুক্রবার দিন বেশি যাত্রী পাওয়া যায়। তবে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় তেমন যাত্রী পাচ্ছি না। অন্যদিনের তুলনায় রাস্তাও ফাঁকা।’
শুধু রিকশাচালক নন, বৃষ্টির কারণে বেচাকেনা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সবজি বিক্রেতারাও।
সবজি বিক্রেতা রায়হান আলী বলেন, ‘সারাদিন বৃষ্টি হওয়ায় বেচাকেনা তেমন হয়নি।
‘অন্যান্য সপ্তাহে শুক্রবার দুপুরের পর বেচাকেনা ভালো হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হয়নি। ফলে ক্রেতাও কম এসেছে।’
নিম্ন আয়ের এসব মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজনও।
বৃষ্টির কারণে কমেছে গণপরিবহনের সংখ্যা। বিভিন্ন স্থানে বৃষ্টি থেকে রক্ষা পেতে দোকান ও স্থাপনার নিচে আশ্রয় নিতে দেখা গেছে পথচারীদের।
ছাতা কিংবা রেইনকোট ছাড়া বাইরে বের হওয়া অনেককে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি ছিল বেশি।
মেহেদী হাসান ঝিগাতলার বাসিন্দা। সকালে মেঘলা আকাশ দেখে রেইনকোট ছাড়াই মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী থেকে মুগদার উদ্দেশে বের হন তিনি। তবে পথেই বৃষ্টির কবলে পড়েন।
তিনি বলেন, ‘যখন বের হয়েছিলাম, তখন বৃষ্টি ছিল না। তবে আকাশ মেঘলা ছিল। ভেবেছিলাম, বৃষ্টি আসার আগেই অফিসে পৌঁছাতে পারব।
‘কিন্তু ফার্মগেট পার হতে না হতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সেই বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতে তেজগাঁও পর্যন্ত চলে এসেছি। এখানে এসে বৃষ্টি আরও বেড়ে গেলে চায়ের টং দোকানে আশ্রয় নিয়েছি।’
গণপরিবহনের অপেক্ষায় থাকা আরেক পথচারী রাজিব বলেন, ‘আমি মানিকনগর যাব, সেগুলোতে যাত্রী ছিল। দেখি, বাস পেলে বাসেই উঠে যাব।’
বৃষ্টির প্রভাব পড়েছে গণপরিবহনে। ভিক্টর ক্লাসিক ও গোল্ডেন সিটি বাসের সহকারী মাজেদ বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও কম। এজন্য আজ সড়কে বাসও কম ছেড়েছি। বৃষ্টি থামলে হয়তো আরও বেশি বাস সড়কে নামানো হবে।’
যদিও আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
বৃষ্টিতে রাজধানীর সড়ক হয়তো কিছুটা ফাঁকা, কিন্তু নিম্ন আয়ের মানুষের জীবনে বেড়েছে অনিশ্চয়তা। কারণ, তাদের কাছে বৃষ্টির দিন মানে শুধু ঘরে বসে থাকার সুযোগ নয়, বরং দিনের উপার্জন হারানোর শঙ্কা।
রিকশা নিয়ে রাস্তায় নামতে না পারলে কিংবা সবজি বিক্রি না হলে সংসারের খরচ মেটানোও কঠিন হয়ে পড়ে। ফলে বৃষ্টি থামার অপেক্ষায় থাকা এসব মানুষের কাছে প্রতিটি ঘণ্টাই যেন রোজগারের হিসাব।

