
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসির প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান ও টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম।
শনিবার (২১ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার ফলাফল জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ১৯ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে দেশের আটটি বিভাগ থেকে বাছাই করা ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে দুই গ্রুপের প্রথম স্থান অধিকারীরা পাবেন ২ লাখ টাকা করে। দ্বিতীয় স্থান অর্জনকারীদের জন্য ১ লাখ ৫০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ১ লাখ টাকা করে নগদ পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দুটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ের শিক্ষার্থী এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘খ’ গ্রুপে অংশ নেন কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা।
প্রতিযোগিতার প্রাথমিক কার্যক্রম শুরু হয় বিভাগীয় পর্যায়ের মাধ্যমে। এতে দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন প্রতিযোগী ছিলেন।
গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীর জন্য গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা প্রতিযোগীদের তাফসিরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন।

