মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মক্কার বিখ্যাত এলাকাগুলোর একটি জারওয়াল। এ এলাকায় অবস্থিত তুয়া কূপটি বীরে তুয়া নামেও পরিচিত। মক্কার স্থানীয় বাসিন্দা ও হজ-ওমরাহ পালনকারী অনেকে জারওয়াল এলাকা দিয়ে যাতায়াত করেন। ফল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সংগ্রহের জন্যও অনেকে এখানে আসেন।

মক্কায় প্রবেশের আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই কূপের কাছে থেমেছিলেন এবং এর পানি দিয়ে গোসল করেছিলেন। মক্কা বিজয়ের সময় এবং বিদায় হজের সময়ও তিনি এভাবে গোসল করেছিলেন বলে বর্ণনা রয়েছে। কূপটি সুরক্ষিত ও অক্ষত রাখতে বর্তমানে চারপাশে দেয়াল নির্মাণ করা হয়েছে।

মক্কা বিজয়ের আগের রাতে এই কূপের কাছে অবস্থান করেছেন মহানবী (সা.)। পরদিন সকালে মক্কায় প্রবেশের আগে এই কূপের পানিতে গোসল করেছিলেন। মক্কায় যাওয়ার সময় তিনি নিয়মিত এই কূপের পানি গোসল করতেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন,

যখন ইবনে ওমর (রা.) মক্কার দিকে যেতেন, তখন তিনি বীরে তুয়ার কাছে রাত কাটাতেন। এরপর মক্কায় প্রবেশ করতেন। মক্কা থেকে ফেরার সময়ও তিনি এই কূপ হয়ে সেখানে রাত কাটাতেন এবং ভোর পর্যন্ত অবস্থান করতেন। তিনি বলতেন, মহানবী (সা.)-ও এমনটি করতেন। (সহিহ বুখারি)

তুয়া কূপটি মক্কার মসজিদুল হারামের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। প্রতি বছর অনেক হজ-ওমরাহ পালনকারী এখানে আসেন। মক্কার দর্শনীয় ও ঐতিহাসিক জিয়ারতের স্থানগুলোর মধ্যে এই কূপ অন্যতম।