সালাতের মাসআলা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:১৩ | অনলাইন সংস্করণ

  আবিদ রহমান

নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ ইবাদত। সঠিকভাবে নামাজ আদায় করার জন্য নামাজের মাসআলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মাকরুহ ও নামাজ ভঙ্গের কারণগুলো জানা থাকলে বিশুদ্ধভাবে নামাজ আদায় করা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানের উচিত নামাজের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জেনে সে অনুযায়ী আমল করা।

নামাজে ভুলে এক রাকাত বেশি পড়ে ফেললে নামাজ কি আবার পড়তে হবে, নাকি সেজদায়ে সাহু দিলেই হবে? এর উত্তর নির্ভর করে, শেষ বৈঠক করেছিলেন কি না এবং অতিরিক্ত রাকাতের সেজদা করেছেন কি না, তার ওপর।

সেজদায়ে সাহুর শিক্ষা : নামাজে ভুলবশত রাকাত বেড়ে গেলেও সেজদায়ে সাহুর বিধান হাদিসে এসেছে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) একবার জোহরের নামাজ পাঁচ রাকাত পড়েছিলেন। সাহাবিরা বিষয়টি জানালে তিনি সালামের পর দুটি সেজদা করেন। (সহিহ বুখারি: ১২২৬; সহিহ মুসলিম: ৫৭২)

১. শেষ বৈঠক করে ভুলে দাঁড়িয়ে গেলে : চার রাকাতের ফরজ নামাজে চতুর্থ রাকাত শেষে তাশাহহুদ পড়ার পর ভুলে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় হলো-

অতিরিক্ত রাকাতের সেজদার আগে মনে পড়লে: সঙ্গে সঙ্গে বসে পড়বেন এবং সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন। অতিরিক্ত রাকাতের সেজদা করে ফেললে: আরও এক রাকাত পড়ে ছয় রাকাত পূর্ণ করবেন এবং সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন। এতে প্রথম চার রাকাত ফরজ এবং শেষ দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে। তবে অতিরিক্ত এক রাকাত না মিলিয়ে সেজদায়ে সাহু দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও ফরজ নামাজ আদায় হয়ে যাবে, পুনরায় পড়তে হবে না।

২. শেষ বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে : চার রাকাতের ফরজ নামাজে চতুর্থ রাকাত শেষে শেষ বৈঠক না করেই পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় হলো-

অতিরিক্ত রাকাতের সেজদার আগে মনে পড়লে: সঙ্গে সঙ্গে বৈঠকে ফিরে আসবেন এবং সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন।
অতিরিক্ত রাকাতের সেজদা করে ফেললে : আরও এক রাকাত পড়ে ছয় রাকাত পূর্ণ করবেন। এ ক্ষেত্রে পুরো নামাজ নফল হিসেবে গণ্য হবে এবং ফরজ নামাজটি আবার আদায় করতে হবে।

একইভাবে, দুই রাকাতের ফরজ নামাজে দ্বিতীয় রাকাত শেষে শেষ বৈঠক না করে তৃতীয় রাকাতের সেজদা করে ফেললেও আরও এক রাকাত পড়ে চার রাকাত পূর্ণ করবেন। এরপর ফরজ নামাজটি পুনরায় আদায় করবেন।

সেজদায়ে সাহু কীভাবে করবেন : হানাফি মাজহাব অনুযায়ী, শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর ডান দিকে এক সালাম ফিরিয়ে দুটি সেজদা করবেন। এরপর বসে আবার তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

তথ্যসূত্র: সহিহ বুখারি: ১২২৬; সহিহ মুসলিম: ৫৭২; আল-বাহরুর রায়েক: ২/১০২; আল-মুহিতুল বুরহানি: ২/৩২২; ইলাউস সুনান: ৭/১৭৪; শরহুল মুনইয়াহ: ৪৬২-৪৬৩; আদ্দুররুল মুখতার: ২/৮৫, ২/৮৭