কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ–ভারত ম্যাচ যেন জমে ক্ষীর। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক— প্রথমার্ধে এমন কিছু নেই যার দেখা মেলেনি। শুরুতে পিছিয়ে গিয়েও বাংলাদেশ বিরতিতে গিয়েছে ১–১ ব্যবধানে সমতা ফিরিয়ে।
মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে লড়াইটা আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।
১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু।
বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধা বোধ করেননি।
যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
আমার বার্তা/এমই
