প্রথম অনুশীলনেই অনুপস্থিত, পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার
রয়টার্সের প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৯:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক ১৫ দিন আগে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রথম ক্লোজড-ডোর অনুশীলন সেশনে ডান পায়ের কাফ মাসেলের ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী মহাতারকা নেইমার জুনিয়র।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে যে, এই ফুটবল তারকাকে অনুশীলনে না রেখে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে ইমেজিং টেস্ট ও উন্নত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর এই ঘটনা বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে সেলেসাও শিবিরে নেইমারের থাকা না থাকা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) নেইমার ২০২৩ সালের গুরুতর হাঁটুর ইনজুরির পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। হেড কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে গত এক বছরে তার এক প্রকার ব্রাত্যই দশা ছিল। তবে অভিজ্ঞতার মূল্যায়নে গত সপ্তাহে যখন তাকে স্কোয়াডে ফেরানো হয়।
কিন্তু সান্তোসের হয়ে গত ১৭ মে দেপোর্তিভো কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফে যে চোট পেয়েছিলেন, তা প্রাথমিকভাবে মৃদু মনে হলেও এখন সেটি মোটেও সাধারণ সমস্যা বলে মনে হচ্ছে না।
ইএসপিএন’র রিপোর্ট অনুযায়ী, নেইমারের কাফের ফোলা অংশটি পুরোপুরি নিরাময় হতে প্রাথমিক ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে। অন্যদিকে, কোচ অ্যানচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছেন- অতীতের নাম বা আবেগ দেখে নয়, শতভাগ ম্যাচ ফিটনেস থাকলেই কেবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে পারবেন নেইমার।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলের মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হবে না।’
আমার বার্তা/জেএইচ
