আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ওঠা ইতালিয়ান ক্লাব কোমোর কাছে ইতিহাসের স্মরণীয় হার দেখল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী হওয়ার ইঙ্গিত দেওয়া নিকো পাজ জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। ফলে ইউনাইটেড বিধ্বস্ত হলো ৪-১ ব্যবধানে।
কোমোর জিউসেপ্পে সিনিগালিয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে কোমোকে এগিয়ে দেন পাজ। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট ঠেকাতে পারেননি ইউনাইটেডের গোলরক্ষক সেনে ল্যামেন্স। যদিও শট নেওয়া আর্জেন্টাইন তারকার সামনে ছিলেন হ্যারি ম্যাগুয়ার, তবে তিনি বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
বিরতি থেকে ফেরার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে কোমো। পাজের নিখুঁত মাপের পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষক ল্যামেন্সের ওপর দিয়ে বল জালে পাঠান আনাস্তাসিওস দুভিকাস। চ্যাম্পিয়নস লিগে এটি তার টানা তিন ম্যাচে তৃতীয় গোল। এরপর পাজের ব্যক্তিগত নৈপুণ্যে আরও পিছিয়ে পড়ে ইউনাইটেড। ডান দিকের টাচলাইনের কাছে কার্লোস বালেবার কাছ থেকে বল কেড়ে নিয়ে আর্জেন্টাইন তরুণ ৩০ মিটারের বেশি দূরত্ব থেকে কোণাকুণি বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।
৭৬ মিনিটে কোমোর চতুর্থ গোলটি করেন জ্যাকোবো রামোন। বদলি হিসেবে নামা কাইকি ব্রুনোর ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন এই সেন্টারব্যাক। ইউনাইটেডের হার তখন প্রায় নিশ্চিত। যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রস থেকে গোল করে ইউনাইটেডের ব্যবধান কমান জশুয়া জির্কজি। তবে তাতে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্লেমেকারের জায়গা নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরছেন পাজ। ইউনাইটেডের বিপক্ষে তার পারফরম্যান্স সেই সম্ভাবনারই প্রমাণ দিয়েছে। এই ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করায় অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডেও নাম উঠেছে ইউনাইটেডের। গত সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রথম মিনিটেই গোল করেছিলেন পাবলো বারিওস। এবার কোমোর বিপক্ষেও দুই মিনিটের মধ্যে গোল হজম করল ইউনাইটেড। ফলে টানা দুই ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে গোল হজম করা প্রথম ইংলিশ দল হয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ১১টি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, এই জয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠে এসেছে কোমো। ইউনাইটেড নেমে গেছে ২০তম স্থানে।
