
টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ আসনের ১২৬টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভ্রাম্যমাণ টিম ও ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তদারকিতে ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটকেন্দ্র ১২৬টি। এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের দৃষ্টি ফলাফল ঘোষণার দিকে।

