
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট সংলগ্ন পশ্চিম পাড়া থানা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু-নারীসহ একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তথ্যানুযায়ী, আহতদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
আহত লালচান (৬০), পেশায় চাকুরিজীবী। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আরও আহত হয়েছেন তানিষা (১৬), পেশায় শিক্ষার্থী। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) রাখা হয়েছে। এছাড়া আহত নাসিমা (৫০), পেশায় চাকুরিজীবী। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ তিনজনের শরীরের সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা খুবই সংকটজনক। হাসপাতালে চিকিৎসকরা তাদের বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে জমাহওয়া গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

