
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন একটি রোমান্টিক সিনেমা “ভালোবাসি তোমায়”। প্রযোজনা প্রতিষ্ঠান মজুমদার ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই ছবিটি ইতোমধ্যে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে।
চলচ্চিত্রটির মূল পরিকল্পনা ও ভাবনায় রয়েছেন ড. মাহফুজুর রহমান, যিনি সাধারণত ঈদকেন্দ্রিক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে আলোচনায় থাকেন। তবে এবার তিনি ভিন্ন ভূমিকায়-একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কনসেপ্ট ও সৃজন পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করছেন। এটি তার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবিটির কাহিনি ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন আবুল হোসেন মজুমদার। প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার, যিনি মজুমদার ফিল্মসের স্বত্বাধিকারী প্রযোজক হিসেবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত।
রোমান্টিক ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও শিরিন শিলা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইরা শিকদার, অন্তর, নাদের চৌধুরী, বড়দা মিঠু, রেবেকা, শফিক খান দিলু, সাহেলা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি, অঞ্জলি রায়, ড্যানি সিডাক এবং কাজী হায়াৎ।
প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রেম, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রে সমসাময়িক দর্শকের অনুভূতি ও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ঈদ মানেই নতুন সিনেমার আমেজ। সেই ধারাবাহিকতায় “ভালোবাসি তোমায়” যুক্ত হচ্ছে এবারের সম্ভাব্য আলোচিত তালিকায়। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা ও নতুন ভাবনার সংমিশ্রণে ছবিটি দর্শকপ্রিয়তা পাবে-এমনটাই প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীদের।

