ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

শেষ হলো ডিসি সম্মেলন
আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ১২:৩৯

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সমাপ্ত হলো গতকাল। দেশের ৬৪ জেলার প্রশাসকরা এ সম্মেলনে অংশ নেন। মাঠ প্রশাসনের জন্য ১৯ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়েছে। ডিসিরাও বিভিন্ন মন্ত্রণালয়ের আলোচনা পর্বে মাঠ পর্যায়ের চিত্র ও চাহিদা তুলে ধরেন। বিশেষ করে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনসহ নানা ইস্যুতে অভিমত দেন। গুরুত্বের সঙ্গে এসব আলোচনা শোনেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধাপে ধাপে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় সরকারের তরফ থেকে।

৩ মে শুরু হওয়া সম্মেলনে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জড়ো হয়েছিলেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। চার দিনব্যাপী ওই সম্মেলনের শেষ দিনে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবারের সুযোগ পান ডিসিরা। তার আগে শনিবার ২ মে প্রাক-প্রস্তুতি পর্ব ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে।

এবারের ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রশাসনের উদ্দেশ্যে ২৪টি নির্দেশনা দেন। তার প্রথম বক্তব্যÑ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। প্রকল্পের সময়ক্ষেপণ ও আর্থিক অপচয় বড় সমস্যা। প্রধানমন্ত্রী তাই সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে গুণগত মান নিশ্চিতকল্পে কার্যকর তদারকি জোরদার করতে নির্দেশ দিয়েছেন। তিনি অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ; নিয়োগ, বদলি ও

পদায়নে সততা; মেধা ও দক্ষতাকে মানদণ্ড হিসেবে অনুসরণ; শূন্য পদসমূহ দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ; প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ; প্রশাসনিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ; সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি জোরদার; বাজারে মজুদদারি, কারসাজি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে নিয়মিত মনিটরিং; অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা; কৃষক পর্যায়ে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ; কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার, বীজ, সেচ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও প্রতিকার নিশ্চিত করা, সরকারি সেবা প্রদান হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির মধ্যে সমন্বয় জোরদার করা, দেশীয় ও বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিমূলক সরকারি উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন, তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন গতকাল ৯টি মন্ত্রণালয় ও বিভাগ এজেন্ডাভুক্ত ছিল। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের সময় লাইসেন্সভুক্ত অস্ত্র ফেরত দেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল মাঠপর্যায়ে। তাতে দেখা গেছে, ১০ হাজারের মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য, মামলা করার জন্য আবারও তাদের (ডিসি) অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ডিসিদের তৎপর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

বিগত সরকারের আমলে দায়েরকৃত ‘গায়েবি’ ও ভুয়া মামলা নিরসনে সরকার কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি ভুয়া, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো যাচাই করবে। ভুক্তভোগীরা নির্ধারিত ফরমে চার্জশিট বা এজাহারসহ আবেদন করতে পারবেন। প্রাথমিক যাচাই শেষে সুপারিশগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। সিআরপিসি ৪৯৪ ধারা অনুযায়ী আইনগতভাবে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট পরবর্তী গণহত্যামূলক মামলাগুলোতে যাতে নিরপরাধ কেউ বা কোনো সাংবাদিক অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল আজহা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কের ওপর ও রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন থাকবে এবং পুলিশ বডি ওর্ন ক্যামেরা নিয়ে টহল দেবে। তিনি জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। মহাসড়কগুলো সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও জানান, ফেরিঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।

চামড়া শিল্প রক্ষায় সরকারের বিশেষ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে বিনামূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করা হবে, যাতে তৃণমূল পর্যায়েই সাত দিন পর্যন্ত চামড়া সংরক্ষণ করা যায়। ঢাকার ইটিপি সিস্টেমের ধারণক্ষমতা বিবেচনায় চামড়াগুলো যাতে সাত দিন পর ক্রমান্বয়ে ঢাকার দিকে আনা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এ ছাড়া মাদক, জুয়া এবং অনলাইন বেটিং-এর বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে।

এদিকে গতকাল দুর্নীতি দমন সম্পর্কিত বিষয় ছিল ডিসি সম্মেলনে। সেখানে আলোচনা হয়েছে স্কুল-কলেজ পর্যায়ে সততা স্টোর করার বিষয়ে। দুর্নীতি প্রতিরোধ এবং প্রতিকারমূলক কার্যক্রম জোরদার করা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যকর করা কথাও আলোচনা হয়েছে।

এদিকে এখন থেকে মেলার জন্য কোনো খেলার মাঠকে বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, রাজধানীতেও খেলার উপযোগী কোনো মাঠকে হকার পুনর্বাসনের জন্যও ব্যবহার করতে দেওয়া হবে না। যুবকদের জন্য কর্মসংস্থানের আস্থা তৈরিতেও জেলা প্রশাসকের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এদিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় সরকারের দেওয়া সুবিধাগুলো দুর্নীতিমুক্তভাবে ও যোগ্যরা যেন পায় তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, সরকারের লক্ষ্য এখন বড় বড় প্রকল্প নয় বরং গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা দিয়ে জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করা হবে।

গতকালের অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় ছিল। ক্যারিয়ার প্ল্যানিং ও পদায়ন পরিকল্পনা, নতুন জনবল নিয়োগ স্বচ্ছতার সঙ্গে দ্রুত সম্পন্ন করা, জনসেবা মানসম্মত ও দ্রুততম সময়ে নিশ্চিত করতে প্রশিক্ষণ ব্যাকলগ দূর করে নবীন কর্মকর্তাদেরকে দ্রুত প্রশিক্ষণ প্রদান, সততা ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসকদের আন্তরিক সক্রিয়তা ও কর্মদক্ষতা বৃদ্ধি, ভূমি সংক্রান্ত সেবা প্রদান হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসকদের সচেষ্ট থাকা এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলোর উপকারভোগী বাছাইয়ে জেলা প্রশাসনকে সক্রিয় ও সচেতন ভূমিকা রাখার আলোচনা হয় গতকালের সম্মেলনে।

ডিসি সম্মেলন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গণমাধ্যম খাত এখনও ‘অ্যানালগ কাঠামোর’ মধ্যে আটকে আছে। একে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে তারাও যেন প্রস্তুত থাকেন। ডিসিদের উদ্দেশে কী নির্দেশনা দিয়েছেন, এ প্রশ্নে তিনি বলেন, আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ‘ইকোসিস্টেমের’ মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এ রকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে গৎ বাঁধা সব ধরনের কথা চিন্তা এবং কাজ ছিল। কিন্তু আমরা গৎ বাঁধা চিন্তা এবং কথা বলতে চাই না বলেই সমস্যাটাকে ভালোভাবে বুঝতে চাই।

ডিসিদের বিশেষ প্রস্তাব ছিল, গুজব ও মিথ্য তথ্য প্রতিরোধে ‘ফ্যাক্ট চেকিং’ করতে একটা স্থাপনা করার। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে? জবাবে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, একটা প্রকল্প আমরা ইতোমধ্যে নিয়েছি। সেটার আওতায় এই কাজগুলো করে যাব। ওটার সঙ্গে জেলা পর্যায়ে যে তথ্যের অবকাঠামো আছে, সেটাকে একীভূত করে ফেলব আমরা।

গতকালের সম্মেলনে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা, বন বিভাগের অনুকূলে গেজেটভুক্ত বনভূমিসহ বন বিভাগের নামে রেকর্ডভুক্তকরণের বিষয়ে আলোচনা, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বেদখলকৃত বনের জায়গা উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আলোচনা, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় শিল্প কারখানা স্থাপন না করার বিষয়ে আলোচনা হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পর্বে। সূত্র: আমাদের সময়

আমার বার্তা/জেএইচ

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের