
দেশে ৪৫ লাখের বেশি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১৩ মে) রাজধানীর ওসমানী মিলনায়তন-এ ‘১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার মধ্যে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৪৫ লাখের বেশি নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ।
তাদের মধ্যে অনেকে খেলাধুলা, প্রযুক্তি, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখছেন। সঠিক পরিচর্যা, শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাই দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবেন।
মন্ত্রী বলেন, এই জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের আওতায় আনা না গেলে তারা সমাজের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাই সরকার তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ সংগীতে, কেউ প্রযুক্তিতে, আবার কেউ খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন। বিশেষ করে প্যারা অলিম্পিকসহ বিভিন্ন বৈশ্বিক আসরে তারা বাংলাদেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছেন। এ কারণে প্রতিবন্ধীদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি জানান, সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবা, বিশেষায়িত শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের খেলাধুলার সুযোগ তৈরিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্পেশাল চাইল্ডদের পক্ষ থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থী ইয়ামিন রহমান নেহাল বলেন, অটিজম মানেই প্রতিভার অভাব নয়। আমরা আমাদের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছি। প্রতিটি জীবনই মূল্যবান। আমাদের সূযোগ দিলে আমরা দেশের বোঝা না সম্মান বয়ে নিয়ে আসতে পারবো।
তিনি আরও বলেন, সমাজের সকলের সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।
এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বিশ্বাস এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোসা: শাহিনা আক্তারসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
আলোচনা সভাশেষে অটিজম শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে দেশের বিভিন্ন জেলার থেকে আগত শিশুরা অংশগ্রহণ করে।
আমার বার্তা/এমই

