
টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তার কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মত হয়েছেন।
কর্তৃপক্ষের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঘোষণার পরপরই সব ইন্টার্ন চিকিৎসক তাদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান এবং চিকিৎসাসেবায় যোগ দেন।
এর আগে হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে এই কর্মবিরতির ফলে চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি।
আমার বার্তা/এমই

