
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬টি কেন্দ্রকে উচ্চ ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রে ঝুঁকি এবং ১৩৮টি কেন্দ্রে সাধারণ ঝুঁকি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন সশস্ত্র। এছাড়া পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাবের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরার কারণে ভোট কেন্দ্রে পুরো কার্যক্রম নজরদারির আওতায় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
বাগেরহাটের চারটি আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা।

