
মানিকগঞ্জ জেলা শহরের জয়রা এলাকায় একটি ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নোংরা তেল ব্যবহার করে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির সরেজমিনে প্রমান পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়, অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিঃ দাঃ) আসাদুজ্জামান রুমেল।
অভিযাননে শহরের জয়রা এলাকার ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
এর আগে, একই দিন সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ‘আফজাল ফল ভাণ্ডার’ এর মালিক আফজাল এবং ‘ইয়াসিন ফল ভাণ্ডার’ এর মালিক ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময়, অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগমসহ আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুপুরে সদর উপজেলার জয়রা গ্রামের একটি বাসাবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

