
দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও সমন্বিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারিকৃত পূর্ববর্তী আদেশ সংশোধন ও হালনাগাদ করে নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে।
নতুন কাঠামোয় জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি এবং পুলিশ সুপারকে সদস্য করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র্যাব/বিজিবি/কোস্ট গার্ড (প্রযোজ্য ক্ষেত্রে), সিভিল সার্জন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা, সমাজসেবা, কারা কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আরও থাকছেন,জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান/প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (সার্কেল), জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, পৌরসভার মেয়র/প্রশাসক, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব ও বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
পাশাপাশি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি, সরকারি কলেজের অধ্যক্ষ, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলার সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সভার কার্যবিবরণী যথাযথভাবে সংরক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
কমিটির সদস্য-সচিব হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। নিয়মিত সভার মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধান এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোই কমিটির প্রধান লক্ষ্য।
সরকার আশা করছে, নবগঠিত এই জেলা আইন-শৃঙ্খলা কমিটি মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
আমার বার্তা/এমই

