ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

মোস্তফা সারোয়ার
০৩ এপ্রিল ২০২৬, ১৭:২১
আপডেট  : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৩১

পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সারাদেশে রয়েছে ৫৫টি ডিপো। এই ডিপোগুলো থেকে নিত্য নতুন কৌশলে হাজার হাজার লিটার তেল চুরির অভিযোগ দীর্ঘদিনের । এর সঙ্গে জড়িত সিবিএ নেতা থেকে শুরু করে রথী-মহারথীদের অনেকেই। বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর অভিযান চালিয়ে সারা দেশ থেকে লাখ লাখ লিটার তেল উদ্ধার হওয়ায় চোর সিন্ডিকেটের বিষয়টি ফের সামনে এসেছে।

অতি সম্প্রতি পদ্মা অয়েলের গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি হয়। এ ব্যাপারে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মোহা. মফিজুর রহমান আমার বার্তাকে বলেছেন, ডিপো থেকে জেট ফুয়েল চুরির খবর পেয়েছি। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। রিপোর্ট এখনো পাইনি।

যমুনা অয়েল কোম্পানির আওতাধীন দিনাজপুরের পার্বতীপুর ডিপো থেকে ৬ হাজার লিটার তেল চুরির ঘটনা ঘটে ২০২৪ সালের জুনে। সেই ঘটনা তদন্তে বিপিসির তৎকালীন কর্মকর্তা মোরশেদ হোসাইন আজাদের নেতৃত্বে কমিটি করা হয়। সেই কমিটি জড়িত ডিপো সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ফিরে আসে। অবশ্য এই ঘটনার দেড় বছর পর ১৫ মার্চ ওই ডিপোর বর্তমান অপারেটর নজরুল ইসলাম ও অপর তিন কর্মচারীকে প্রধান কার্যালয়ে বদলির মৌখিক সুপারিশ করা হয়। তার স্থলে রংপুর থেকে একজন ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিতে কর্মরত কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই অপারেটর নিয়োগের পর বর্তমান সংকটের সময়েও সেই একই ডিপো থেকে ৪৫ হাজার লিটার তেল হাওয়া হয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে এই ডিপোতে অডিটে গেলেও কৌশলে সেই ঘটনা ধামাচাপা দেওয়া হয়। কয়েকজন ডিলারের কাছ থেকে সমপরিমাণ তেলের মূল্য বাবদ পে-অর্ডার নিয়ে হাওয়া হয়ে যাওয়া তেলগুলো বিক্রি দেখানো হয়। অসাধু কর্মকর্তারা সেই ঘটনাটি এভাবেই ধামচাপা দেন। প্রথম ও দ্বিতীয় ঘটনার সময় উল্লিখিত ডিপোতে সুপারভাইজার (ডিএস) হিসাবে কর্মরত ছিলেন সমির পাল। তিনি এখনো বহাল আছেন। তার বিরুদ্ধে ২০১৭ সালে যুমনা অয়েলের পতেঙ্গার গুপ্তখাল ডিপো থেকে এমটি রেজা ও এমটি মনোয়ারা নামক দুটি জাহাজে তেল পাচারের অভিযোগ ওঠে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সময় ৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এর মধ্যে সমির পালও ছিলেন। পরে একটি কমিটির মাধ্যমে পাচার হওয়া তেলের মূল্য নির্ধারণ করে ১০ শতাংশ হিসাবে ৯ লাখ ৪৯ হাজার ৪৬৪ টাকা আদায় করে কোম্পানি। এরপর আবার তদবির করে তাকে রংপুর ডিপোতে নিয়োগ দেওয়া হয়। সেখান থেকেই তিনি পার্বতীপুর ডিপোতে বদলি হয়ে আসেন। আবারও তেল পাচারে মেতে ওঠেন। এখানে ৪৫ হাজার লিটার তেল হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় তিনি বেঁচে গেছেন।

যমুনার পতেঙ্গা গুপ্তখাল ডিপোর সাবেক ইনচার্জ পরে ডিজিএম (অপারেশন) হিসাবে পদোন্নতি পাওয়া হেলাল উদ্দিন তেল চুরির টাকায় কোটি কোটি টাকার মালিক বনেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, বছর কয়েক আগে এই কর্মকর্তার এক কাজের মেয়েই তার বাসা থেকে তেল চুরির ২৫ লাখ টাকা মেরে দেন। কিন্তু এতে তিনি টুঁ শব্দটিও করেননি। দ্বারস্থ হননি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও। কারণ এতে নিজেই ফেঁসে যাওয়ার শঙ্কা ছিল। এই কর্মকর্তা সাম্প্রতিক সময়ে অবসরে গেছেন বলে জানা গেছে।চাকরি জীবনে এই কর্মকর্তা মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার। নিজে ব্যবহার করে প্রিমিও মডেলের প্রাইভেট কার, যার নাম্বার চট্টগ্রাম মেট্রো গ ১২- ৫৬১০ এবং স্ত্রীর জন্য আছে Havel মডেলের একটি জীপ। কানাডায় রেখে পড়াশোনা করিয়েছে ছেলেকে, বানিয়েছে পাইলট। সেখানে আছে নিজস্ব ফ্ল্যাটও। বর্তমানে সেই ফ্ল্যাটে থাকছে তার ছেলে ও মেয়ে। কিনেছে মালয়েশিয়াতেও ফ্লাট, সেই ফ্ল্যাটের বর্তমানে ভাড়াটিয়া সাবেক মন্ত্রী প্রয়াত আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবুর সহোদর বদিরুজ্জামানের ছেলে। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণপুর্ন পাঁচলাইশ এলাকার আনিকা কমিউনিটি সেন্টারের পাশে ৭৭৫/৮৮৫ কাতলগন্জ আসিফ হাউজ নামে পাচ তলা ভবনটির মালিক এই হেলাল উদ্দিন। সাত আট বছর আগে পাঁচ কাঠার জায়গার উপর বাড়ীটি ক্রয় করেন তিনি । যার বর্তমান বাজার মুল্য দশ কোটি টাকারও বেশি।সম্পাদিত দলিল রেজেষ্ট্রিও হেলাল উদ্দিনের নিজের নামে। বাড়িটির নাম দেয়া হয় তার ছেলে আসিফের নামে ( আসিফ হাউজ) । বছর পাচেঁক আগে একই এলাকাতে কাতালগন্জ আবাসিক এলাকার ৪ নং রোডের কালীবাড়ির পাশে ফিফট কনভেনশন হলের ঠিক উল্টো পাশে আট শতাংশ জায়গায় উপর পাঁচ কোটি বিশ লাখ টাকায় আরেকটি পাঁচতলা বাড়ি কিনেন। নাম দেয়া হয় জি ভিলা। বছর দেড়েক আগে সেই বাড়িটি ভেঙে দশতলা ভবন নির্মান কাজে হাত দেয় । অবশ্য ৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ ছিল । ইতিমধ্যে ভবনের কাজ ফের শুরু হয়েছে। রাউজানের সুলতানপুর নিজ গ্রামে নিজেরটা ছাড়াও একই ডিজাইনে পাঁচ ভাইকে পাঁচটি বাড়ি করে দিয়েছে। নামে বেনামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি। তার বিরুদ্ধে দুদক তদন্তেও নেমে ছিল কিন্তু মাঝপথে সেই তদন্ত থেমে গেছে । এই হেলাল উদ্দিনের মতো যমুনা অয়েলের অধিকাংশ কর্মকর্তারাই শত শত কোটি টাকার মালিক ।

তেল চুরিতে আছে সিবিএ নেতাদেরও প্রতিযোগিতা৷ যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুবের নিয়ন্ত্রণে রয়েছে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেটটি। সাময়িক বরখাস্তকৃত এই দুই সিবিএ নেতা দীর্ঘ দিন পর জেল হাজত থেকে বের হয়ে তাদের চাকরি ফিরে পেতে কর্তৃপক্ষকে অব্যাহত চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। বর্তমানে এই দুজনের অনুপস্থিতিতে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে দিচ্ছে তাদেরই অন্যতম অনুসারী নাসির উদ্দীন। বর্তমানে তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেও বটে । চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগ নেতা বদিউল আলমের ভাতিজা নাসির উদ্দিন নিজেও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পুরো যমুনা অয়েলে ইচ্ছেমতো চলছে তার চাঁদাবাজি, বদলী ও পদোন্নতি বানিজ্য ।দুই সিবিএ নেতার চাকরি থেকে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের জন্য কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে এই নাসির উদ্দিন৷ অব্যাহত চাপ প্রয়োগ করে যাচ্ছে যমুনা অয়েল কর্তৃপক্ষকে।

এদিকে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির ডিজিএম ফ্যাইন্যান্স বরাবর সিবিএ নেতা নাসির উদ্দিনের দেয়া একটা চিঠি আমাদের কাছে হস্তগত হয়েছে৷ চিঠিতে বিষয় হিসাবে বলা হয়েছে চাঁদা কর্তন। এতে আরও বলা হয়েছে ( সিবিএ) এর কার্যকরী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এবং শ্রমিক কর্মচারীদের মৌখিক সম্পত্তির ভিত্তিতে ২০২৪-২০২৫ অর্থ বছরের শ্রমিক কল্যান তহবিলে জমাকৃত অর্থ যাহা সুবিধাভোগীদের মাঝে বন্টন করা হবে। তা হইতে সকল শ্রমিক - কর্মচারী ও সিকিউরিটি সহ প্রতিজনের হিসাব হতে পাঁচ হাজার টাকা করে কর্তন করা অনুরোধ জানান হলো। এধরণের চিঠি দেখে হতবাক যমুনা অয়েলের সাধারণ কর্মচারীরা৷ ইচ্ছে করলেই কর্মচারীরা এর প্রতিবাদ করারও সাহস রাখেনি৷ প্রতিবাদ করতে গেলেই উল্টো তাদেরকে হেনেস্তার শিকার হতে হয়৷ বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডিজিএম ফাইন্যান্সকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি৷ এদিকে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন এধরণের চিঠি দেয়ার এখতিয়ার সিবিএ নেতা নাসির উদ্দিন রাখেনা, তারা দাবি করেন এটা প্রকাশ্যে চাঁদাবাজির শামিল। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির জিএম এইচ আর মো: মাসুদুল ইসলাম প্রকাশ্যে সিবিএ নেতা নাসিরকে সহযোগিতা করেছে। তার সহয়তায় এই সিবিএ নেতা প্রতিষ্ঠানটিতে দানবের ভুমিকায় অবতীর্ণ হয়েছে ।

এদিকে আমার বার্তার এক অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে ২৭ মার্চ যমুনা অয়েল কোম্পানির আওতাধীন মোংলা ডিপোতে অভিযান চালায় জেলা প্রশাসন, নৌবাহিনী কোস্ট গার্ড ও বিপিসির যৌথ টিম।

অভিযানে এই ডিপোর একাধিক ট্যাংকে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার তেল পাওয়া যায়। কাগজে-কলমে যা থাকার কথা ডিপোতে মেপে দেখা যায় তার অতিরিক্ত তেল রয়েছে। বাড়তি এই তেল কিভাবে এলো তার হিসাব দিতে না পারায় ওই ডিপোর ম্যানেজার আল আমিনকে বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে। কোম্পানির ডিজিএম (অডিট) জোবায়ের চৌধুরীকে কমিটির প্রধান করা হয়।

ফতুল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে চোরাই তেল :

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সংযোগ সড়কের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে ফাজিলপুর এলাকায় পাশাপাশি মেঘনা ও যমুনা ডিপো। বিভিন্ন পর্যায়ে কথা বলে তেল চুরির অভিনব পন্থা বের করা হয়েছে। লড়ির ধারণ ক্ষমতা ১০ হাজার লিটার। পরিবহণের সুবিধাতে সাধারণ ৯ হাজার লিটার তেল ভাড়া হয়। এই সুযোগ নিয়ে প্রতিটিতে হিসাবের বাইরে ২০০ থেকে ৫০০ লিটার তেল বহন করা হয়। এবং এটিই মাঝপথে অসাধুরা বিক্রি করে দেয়।

এছাড়া বুড়িগঙ্গা নদীর তীরে তেলের জাহাজ নোঙর করে ডিপোতে তেল নামানোর সময় কৌশলে বালুবাহী বাল্কহেডে তেল নামানোর ঘটনাও পুরোনো চিত্র। এর সঙ্গে জড়িত রয়েছে ফাজিলপুর এলাকার চিহ্নিত তেল চোর চক্রের সদস্যরা। এই চক্রের সক্রিয় সদস্যরা হচ্ছেন-স্বপন, কালাম, হৃদয়, রনি, পাগলা রাজু, ফয়সাল, কাইল্লা সোহেল, নাসির উদ্দিন, জালাল মিয়া, মাসুদ ও চৌধুরী বাড়ি এলাকার ইকবাল চৌধুরী। তাদের প্রত্যেকের রয়েছে পৃথক বাহিনী।

এছাড়া যমুনা ডিপোর কর্মচারী আলী নূর ইসলাম ইমুকে মাসদাইর জেলা পুলিশ লাইন্সের কাছে অবৈধভাবে ডিজেল ও অকটেন তেল বিক্রি করার অভিযোগ উঠেছে । তার মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কের কাছে সাইফুল ইসলাম, শিবু মার্কেটে শেখ শাজাহান, চাঁনমারী নতুন সড়কে আয়নাল হক, বক্তাবলী বাজারে আক্তার হোসেন, আলমগীর মোল্লা, বক্তাবলী গুদারাঘাটে হাছান আলী, রাজাপুর বাজারে আলী হোসেন ও ফতুল্লা লঞ্চ ঘাটের পাশে এবং পোস্ট অফিস রোডের কাছে খোলা বাজারে প্রকাশ্যে জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায়।

ডিপো সূত্রে জানা যায়, তেল চুরি করে অনেকেই বিত্তবৈভবের মালিক বনে গেছেন। তাদের মধ্যে যমুনা ডিপোর তেল পরিমাপক ও সিবিএর কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে সোয়া লাখ লিটার তেল গায়েবের অভিযোগের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠিত বিপিসির একটি কমিটি টুটুলকে অভিযুক্ত করে গত ১১ ডিসেম্বর প্রতিবেদন জমা দিয়েছে।

গোদনাইল জেট ফুয়েল চুরির অভিযোগ :

নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ১১ মার্চ নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে জেট ফুয়েল নিয়ে ছেড়ে যাওয়া অন্তত ৪টি গাড়ি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত কুর্মিটোলা ডিপোতে পৌঁছায়নি। গাড়ি নম্বরগুলো হলো, ৪১-০৭০০, ৪২-০২৫২, ৪১-০৬৪৯ ও ৪১-০৬৯৮। তবে কাগজে-কলমে গাড়িগুলো কুর্মিটোলা ডিপোতে পৌঁছেছে উল্লেখ করা হয়। পদ্মা অয়েলের কর্মকর্তারা জানান, জেট ফুয়েল বিমানের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তবে অপেক্ষাকৃত কমমূল্য হওয়ায় এটি অকটেনের সঙ্গে মিশ্রিত করে দুর্বৃত্তরা খোলা বাজারে বিক্রি করে থাকে।

আমার বার্তা/জেএইচ

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

# ২১ কোটি টাকার বিপরীতে ১৪ মাসে ৪২ কোটি ফেরতের অঙ্গীকার—অস্বাভাবিক আর্থিক কাঠামো নিয়ে সন্দেহ #

বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

চলতি বছরের ২৬ ফেব্রয়ারী যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম এইচ আর মোহাম্মদ হাসান ইমামের স্বাক্ষরে

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

ময়মনসিংহ বিভাগের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন এবং নৈতিক

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিব্রতকর এক ঘটনা ঘটে গেল । প্রায় ৪ কোটি ৭৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন