
ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ পদে নিয়োগসংক্রান্ত নতুন ডিক্রি জারি করেছেন। এতে জেনারেল স্টাফ, আইআরজিসি এবং বাসিজ ফোর্সে ছয়জন সিনিয়র কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমদ ভাহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়ীকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিয়ন্ত্রণ বাহিনী বাসিজের নেতৃত্বে নিযুক্ত ছয়জন ঊর্ধ্বতন কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, সর্বোচ্চ নেতার এসব পদে তাদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন।
আরাঘচি বলেন, দেশের ওপর চাপিয়ে দেওয়া ‘সাম্প্রতিক দুটি যুদ্ধের’ সময়ও তাদের কৃতিত্ব প্রমাণিত হয়েছে। তিনি দৃঢ়ভাবে মোকাবিলা করে ইরানকে রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের ‘নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতা’ রক্ষায় কমান্ডারদের সাফল্য কামনা করেন।

