
আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি ও নাচ-গান অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করে।
ইভেন্টে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র এই পোশাক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
তবে শুধু পোশাকই নয়, শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান কেমিস্ট্রি। ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। ফলে শুভশ্রী ও দেবকে এভাবে একসঙ্গে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ ও আলোচনার বন্যা বয়ে গেছে।
কমেন্ট বক্সে এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেকজন মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’। আবার অনেকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’।
উল্লেখ্য, ‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

