
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মানব পাচারকারী চক্রের কয়েকজন সদস্য এবং কিছু ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা উখিয়া-টেকনাফের এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানা গেছে। অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

